মধ্যপ্রাচ্যে নতুন একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি।
রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত কাতার ইকোনমিক ফোরামে তিনি বলেন, ইরান কাতারের প্রতিবেশী দেশ। তাই আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পুরো অঞ্চলের দেশগুলোকে দায়িত্বশীলভাবে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান জানান কাতারের প্রধানমন্ত্রী। তার ভাষায়, এ সংঘাত থেকে সবার জন্য একটি সতর্ক সংকেত পাওয়া উচিত এবং ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ভাবতে হবে।
কাতারের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর ফের সরাসরি হামলা চালাতে পারে—এমন খবর বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে প্রকাশিত হয়। এর মধ্যেই ইরানের পাল্টা হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপও বাড়ছে।
কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত জ্বালানি পরিবহন ও পণ্য আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। ফলে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল কমে যাওয়ায় অঞ্চলটির জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে চলতি মাসের শুরুতে কাতার গ্যাস রপ্তানির ক্ষেত্রে বিশেষ পরিস্থিতির মেয়াদ নভেম্বরের শুরু পর্যন্ত বাড়িয়েছে।
এদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশও মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় নতুন চিন্তাভাবনার প্রয়োজনীয়তার কথা বলেন। যুদ্ধ বন্ধে আলোচনার অংশ হিসেবে ইরান ও আরব দেশগুলোর মধ্যে সমঝোতার বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
অন্যদিকে সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি পরিবহন পথ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সৌদি আরবের দাবি, ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো ওই হামলা চালিয়েছে।
ইয়েমেনে হুতি বাহিনীর কর্মকাণ্ডও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা ইয়েমেনের বিস্তৃত লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে। একই সঙ্গে সৌদি আরবের জাহাজ চলাচলে অবরোধ আরোপ এবং সপ্তাহান্তে রিয়াদ বিমানবন্দরে হামলার খবরও পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের এই বহুমাত্রিক সংঘাতের মধ্যে কাতারের প্রধানমন্ত্রীর বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে ইরানসহ সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছে।



