tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকগাজা নিয়ে মুখ খুললেন এড শিরান, ম্যাকলেমোরকে বাদ দেওয়ার দায় নিলেন না

গাজা নিয়ে মুখ খুললেন এড শিরান, ম্যাকলেমোরকে বাদ দেওয়ার দায় নিলেন না

গাজা পরিস্থিতি নিয়ে অবশেষে প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান। গাজার বর্তমান পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘অন্যায়’ বলে মন্তব্য করলেও, ফিলিস্তিনপন্থী র‍্যাপার ম্যাকলেমোরকে নিজের কনসার্ট ট্যুর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছেন তিনি।

ম্যাকলেমোরকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এড শিরানের কনসার্ট ট্যুর ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। প্রতিবাদ জানিয়ে ট্যুরের চার উদ্বোধনী শিল্পীই শো থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে গত শনিবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত কনসার্টে একাই মঞ্চে উঠতে হয়েছে এড শিরানকে।

ঘটনার সূত্রপাত গত ৫ সেপ্টেম্বর নিউ জার্সির একটি অনুষ্ঠানে। সেখানে ম্যাকলেমোর প্রকাশ্যে ‘ফ্রি ফিলিস্তিন’ স্লোগান দেন। এরপর এক ইসরাইলপন্থী মার্কিন শতকোটিপতির চাপের মুখে তাকে এড শিরানের কনসার্ট ট্যুর থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

ম্যাকলেমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে এড শিরানের ট্যুরে অংশ নেওয়া অন্য শিল্পীরাও সরে দাঁড়ান। তাদের মধ্যে ছিলেন বিলি আইলিশের ভাই ফিনিয়াস, লুকাস গ্রাহাম ও অ্যারন রো। ম্যাকলেমোরের প্রতি সমর্থন জানিয়ে তারা এড শিরানের সঙ্গে একই মঞ্চে গান গাওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন।

এরপর এড শিরানের বিশ্বজুড়ে আয়োজিত কনসার্ট বয়কটের আহ্বানও জানাতে শুরু করেছে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। পরিস্থিতি তীব্র হওয়ার পর এড শিরান স্পষ্ট করে জানান, ম্যাকলেমোরকে ট্যুর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার নেওয়া নয়। ওই সিদ্ধান্তের সঙ্গে তার কোনো সম্পৃক্ততাও নেই বলে দাবি করেন তিনি।

এদিকে বিতর্কের মধ্যেই গাজার শিল্পীরা ম্যাকলেমোরের প্রতি সমর্থন জানিয়েছেন। গাজা শহরের একটি ধ্বংসস্তূপের দেয়ালে তার বিশাল একটি ছবি এঁকেছেন স্থানীয় শিল্পীরা। ফিলিস্তিনের পতাকার পাশে আঁকা ওই ছবিতে লেখা হয়েছে—‘আমাদের ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।’

সূত্র: আল-জাজিরা