tanaka
প্রচ্ছদজাতীয়স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি ইরানের

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবি ইরানের

স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ নিজ এলাকার স্থানীয় সরকার নির্বাচনে তাদের ভোট দেওয়ার সুযোগ না থাকাটা নাগরিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি বড় ঘাটতি।

ডা. ইরান বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের দৈনন্দিন জীবন ও স্থানীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এসব প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে বিদেশে অবস্থানরত যোগ্য ও নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদেরও অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন।

তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠান না; তাদের পরিবারের সদস্যরা দেশের স্থানীয় সমাজ ও অর্থনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাদের বাড়িঘর, জমিজমা, ব্যবসা-বাণিজ্য ও পারিবারিক স্বার্থ নিজ নিজ এলাকায় রয়েছে। তাই বিদেশে অবস্থানের কারণে তাদের স্থানীয় গণতান্ত্রিক অধিকার থেকে কার্যত বিচ্ছিন্ন রাখা যুক্তিসঙ্গত নয় বলে তিনি মনে করেন।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়া সম্ভব।

প্রযুক্তির এই যুগে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা অসম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এনআইডিভিত্তিক পরিচয় যাচাই, অনলাইন নিবন্ধন, পোস্টাল ব্যালট ও ব্যালট ট্র্যাকিংয়ের মতো নিরাপদ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা যেতে পারে।

প্রয়োজনে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন আনারও দাবি জানান তিনি। তাঁর মতে, নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কার্যকর ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

ডা. ইরান নির্বাচন কমিশনের প্রতি প্রবাসী ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।