tanaka
প্রচ্ছদসারাদেশসিজারে প্রসূতির মৃত্যুর ১ মাস পরও ব্যবস্থা নেই, তদন্ত চলাকালীন ...

সিজারে প্রসূতির মৃত্যুর ১ মাস পরও ব্যবস্থা নেই, তদন্ত চলাকালীন গোদাগাড়ী মডেল হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক

রাজশাহীর গোদাগাড়ী মডেল হাসপাতালে গত ৮ আগস্ট সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতি কমলি বেগমের (৩৫) মৃত্যুর ঘটনায় প্রায় ১ মাস পেরিয়ে গেলেও এখনো কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অফিসে পাঠানো হলেও সেখান থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। এদিকে তদন্ত চলাকালীন সময়েও বেসরকারি ব্যক্তি মালিকানাধীন এই হাসপাতালের সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। এ বিষয়ে রাজশাহী জেলার সিভিল সার্জন ডাঃ এস,আই,এম রাজিউল করিম বলেন, আমরা তদন্ত প্রতিবেদন ডিজি অফিসে পাঠিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোন নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে আমরা ব্যবস্থা নিবো। তদন্ত চলাকালীন হাসপাতালের কার্যক্রম কেন স্বাভাবিক রয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তদন্ত করে যা পেয়েছি আমরা পাঠিয়ে দিয়েছি।
এর আগে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ হাসানুল জাহিদ জানান, নির্ধারিত সময়ে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।  স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক সিদ্ধান্ত দেবেন।  তিনি আরও বলেন, এই হাসপাতালের বিরুদ্ধে আমাদের কাছে আসা অভিযোগের বাইরেও আমরা কিছু বিষয় তদন্ত করে রিপোর্টে উল্লেখ করেছি।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল হাসপাতালের পরিচালক শামসুজ্জোহা বাবু’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাই আমি আপনার ছোট ভাই। ছোট ভাইকে একটু কনসিডার করেন ভাই। আপনি আপনার বিকাশ নাম্বারটা দেন আমি আপনাকে কিছু পাঠিয়ে দিচ্ছি। ভাই ছোট ভাই মনে করে আমাকে এখান থেকে একটু ছাড় দেন।

নিহত কমলি বেগমের পরিবার ও স্থানীয়রা বলছেন, তদন্তের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বিরুদ্ধে রোগ নির্ণয়ে ভুল, অপ্রয়োজনে সিজার ও দুর্ব্যবহারের পুরনো অভিযোগও সামনে আসছে। তাদের দাবি দ্রুত তদন্ত রিপোর্টের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং হাসপাতালের সেবার মান মনিটরিং জোরদার করা হোক। অভিযোগ, ক্ষোভ ও তদন্তের মধ্যেও গোদাগাড়ী মডেল হাসপাতালের আউটডোর, জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটার আগের মতোই চলছে। প্রতিদিন রোগী ভর্তি ও সিজার হচ্ছে। এখন সবাই তাকিয়ে আছে স্বাস্থ্য অধিদপ্তরের চূড়ান্ত নির্দেশনার দিকে।

এই বেসরকারি হাসপাতাল ক্লিনিকের পরিচালক শামসুজ্জোহা বাবু জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তানোর গোদাগাড়ী আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী একনিষ্ঠ কর্মী|