বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পর্যটন করপোরেশনকে নতুনভাবে সাজানোর পরিকল্পনার অংশ হিসেবেই মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশের ‘ফেস’ হিসেবে বাংলাদেশ বিমান, সিভিল অ্যাভিয়েশন ও পর্যটন করপোরেশনকে আরও কার্যকর ও গতিশীলভাবে সাজানোর লক্ষ্য রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, তার সঙ্গে দায়িত্ব পালন করা আফরোজা খানম রিতাকেও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী গতিশীলভাবে কাজ সম্পন্ন করা এবং দেশের পর্যটন খাতের বিস্তার ঘটানোই এখন অন্যতম লক্ষ্য।
প্রধানমন্ত্রীর পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের প্রতিটি সিদ্ধান্তই দেশের ও জনগণের উন্নয়নের কথা বিবেচনা করেই নেওয়া হয়। কোথায় কাকে দায়িত্ব দিলে ভালোভাবে কাজ করা সম্ভব হবে, সেই বিষয়টি বিবেচনা করেই পদায়ন করা হয়েছে।
এ সময় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজ মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে রশিদুজ্জামান মিল্লাত বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেসব মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এবং নতুন দুই প্রতিমন্ত্রী—পররাষ্ট্র মন্ত্রণালয়ের হুমায়ুন কবির ও ধর্ম মন্ত্রণালয়ের মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।



