বাজারে সিন্ডিকেট ও মজুদদারির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ আইনে মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই যারা মজুদদারি করবেন, তাদের পরিণতি সম্পর্কে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করলেও অনেক সময় ন্যায্য দাম পান না। পণ্য বাজারে আসার পর তারা বিভিন্ন সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েন। এক মণ পাট বা পেঁয়াজে অতিরিক্ত দুই কেজি করে তোলা দিতে হয়। এর সঙ্গে বাজারের পরিচ্ছন্নতাকর্মী ও হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের নামেও তোলা নেওয়া হয়। সব মিলিয়ে এক মণে কৃষককে ৪৫ কেজি পর্যন্ত দিতে হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য।
তিনি বলেন, দেশের সব খাতে থাকা সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রান্তিক কৃষক যেন উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে কৃষকরা দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে আছেন। এই পরিস্থিতির পরিবর্তন করা হবে।
আইনমন্ত্রী আরও বলেন, বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে এরই মধ্যে দেশের সব হাট-বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যেসব ব্যবসায়ী তোলা না পেলে কৃষকের কাছ থেকে পণ্য কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘বাজার ছেড়ে চলে যান। বিকল্প ব্যবসায়ী এমনিতেই তৈরি হয়ে যাবে।’
বাজার পরিদর্শনের সময় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



