tanaka
প্রচ্ছদজাতীয়চিন্তা-ভাবনার প্রতিফলন না থাকলে ‘টেকসই গণতন্ত্র’ সম্ভব নয়: মির্জা ফখরুল

চিন্তা-ভাবনার প্রতিফলন না থাকলে ‘টেকসই গণতন্ত্র’ সম্ভব নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। মানুষের চিন্তা-ভাবনা, আচরণ ও মূল্যবোধে গণতান্ত্রিক চর্চার প্রতিফলন না ঘটলে দেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইন-এ টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির দুর্ভাগ্য হলো—দলটি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই একটি ভঙ্গুর ও সংকটাপন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তার ভাষায়, উত্তরাধিকারসূত্রে বিএনপি বারবার একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার জ্বালানি খাতে গ্যাস অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেয়নি; বরং আমদানিনির্ভর ব্যবস্থা গড়ে তুলেছে। পাশাপাশি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ খাতকে দুর্বল করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ব্যাংকিং খাতের বর্তমান সংকটের কথা উল্লেখ করে বলেন, খাতটিকে পুনরুদ্ধার করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

গণতন্ত্রের বিকাশে মতের ভিন্নতাকে সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, দেশে পরমতসহিষ্ণুতা বজায় রাখতে হবে। সরকারের সমালোচনা যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি সরকারকে কাজ করার জন্য প্রয়োজনীয় সময় ও সুযোগও দিতে হবে।

গণমাধ্যমের প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই একটি সুস্থ গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই গণমাধ্যমকে নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করে স্বনির্ভরভাবে এগিয়ে যেতে হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম, এনটিভির প্রধান বার্তা সম্পাদক কাঞ্চন, মাইটিভির প্রধান সম্পাদক মাহমুদ আল হাসান, মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক রাশেদুল হক, স্টার টেলিভিশনের সিইও মোকসেদুল করিম বাবু, এখন টেলিভিশনের সিইও আখতারুজ্জামান বাবু, মারুফ কুমার খান সোহেল এবং ডেইলি ওয়াদারের সম্পাদক ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।