tanaka
প্রচ্ছদখেলাসাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

দুই বছরের নির্বাসন শেষে সরকার নিরাপত্তা নিশ্চিত করলে দেশে ফিরে হত্যা মামলাসহ সব বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কা থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান।

সাক্ষাৎকারে সাকিব বলেন, “সরকার যদি আমার নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের মুখোমুখি হব এবং আইন অনুযায়ী যা যা প্রয়োজন, সবই করব।”

অবসরের প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছি। নিজেকে ভালো অনুভব করছি, খেলাটা উপভোগ করছি এবং ভালো পারফর্মও করছি। তবে বয়স এখন আর আমার পক্ষে নেই। তাই অবসরের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করতে চাই না।”

তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, সাকিবের দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।

তিনি বলেন, “তার (সাকিবের) দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই। একজন ক্রিকেটারের পরিচয় থেকে সরে এসে তিনি যেভাবে নিজের রাজনৈতিক পরিচয়কে সামনে এনেছেন, তাতে দেশে ফিরে ক্রিকেটে ফেরার সুযোগ আছে বলে আমি মনে করি না। দেশে ফিরলে তাকে আইনগতভাবে সব বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “খেলোয়াড় হিসেবে আমি এবং অনেকেই তার পরিস্থিতি নিয়ে সহনশীল ছিলাম। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর তার প্রত্যাবর্তনের পথ নিয়ে ভাবার আর সুযোগ দেখি না। যিনি স্বৈরাচারের মঞ্চে উঠেছেন, তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ নেই।”

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরও ক্রিকবাজকে বলেন, সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভার্চুয়াল মঞ্চে অংশ নেওয়ার পর সাকিবের রাজনৈতিক পরিচয়ই এখন তার ক্রিকেটীয় পরিচয়ের চেয়ে বেশি আলোচিত।

তিনি বলেন, “আমার মনে হয়, ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্তই স্পষ্ট করেছে তিনি রাজনৈতিকভাবে কোথায় অবস্থান করছেন এবং তার আকাঙ্ক্ষা কী। প্রতিটি সিদ্ধান্তেরই একটি মূল্য দিতে হয়, আর তিনি কোন মূল্য বেছে নিয়েছেন, সেটি সবাই বুঝতে পারছে।”

আলমগীর আরও বলেন, “তিনি মূলত নিজের রাজনৈতিক অবস্থানের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে ঝুঁকির মুখে ফেলেছেন। এখন তাকে একজন ক্রিকেটারের চেয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই বেশি দেখা হচ্ছে। জাতীয় দলে ফিরতে হলে প্রথমে তাকে সব আইনি জটিলতা থেকে মুক্ত হতে হবে, এরপর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে তার বর্তমান বয়স বিবেচনায় জাতীয় দলে ফেরার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলেই মনে হয়।”