tanaka
প্রচ্ছদসারাদেশচরফ্যাশনে বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চরফ্যাশনে বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পর্শে মো. রাসেল (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল ওই এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের মেঝের কাজের জন্য পুকুরে একটি বৈদ্যুতিক মোটর স্থাপন করা হয়েছিল। দুপুরে মোটরের সঙ্গে বৈদ্যুতিক সুইচ বোর্ডের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হন রাসেল। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনতাসীর বিল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই রাসেলের মৃত্যু হয়েছে।

একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মো. আবুল কালাম। তিনি বলেন, চার মেয়ের পর রাসেল ছিল তার একমাত্র ছেলে। এ বছর সে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তিনি আরও বলেন, রাসেল খুব মেধাবী শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন বলেন, রাসেল বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, বিদ্যুৎস্পর্শে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।