tanaka
প্রচ্ছদজাতীয়আদ্‌-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

আদ্‌-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করলেও তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি এবং হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন।

শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজের তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় কোনো প্রভাব ফেলতে পারেনি। প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন যে, জনস্বার্থে যে সিদ্ধান্তই নিই, সরকারের পূর্ণ সমর্থন থাকবে। সে অনুযায়ী আমি হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছি।”

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত থেকে অন্য প্রতিষ্ঠানগুলোরও শিক্ষা নেওয়া উচিত। কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের ক্ষেত্রে সরকার ছাড় দেবে না।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, একটি পাইলট প্রকল্পের আওতায় জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রকল্পে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের প্রাথমিক সেবা দেবেন। প্রয়োজন হলে কেবল রোগীদের হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, “দেশব্যাপী স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করতে আমরা কাজ করছি। মানুষের চিকিৎসা পাওয়ার প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করাই আমাদের লক্ষ্য।”

সরদার সাখাওয়াত হোসেন বকুল অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছে বলে দাবি করে তিনি বলেন, “দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করতে চাই। এখন সরকারি সেবা পেতে কাউকে ঘুষ দিতে হয় না। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো—দুর্নীতিমুক্ত থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে শিশু ও নারীদের জন্য আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নানসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। পরে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।