tanaka

দুই জেলায় নতুন পুলিশ সুপার

চুয়াডাঙ্গা ও বাগেরহাটের দুই পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। সেখানে নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ...
প্রচ্ছদঅন্যান্যসরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ভালো কাজের জন্য মূল্য দিতে হয়—এ কথা জেনেই তিনি সরকারে যুক্ত হওয়ার ঝুঁকি নিয়েছিলেন। তবে সেই মূল্য যে এতটা ভয়াবহ হবে, তা তিনি কখনো কল্পনা করেননি।

রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বর্তমান পরিস্থিতি ও নিজের অবস্থান নিয়ে মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘প্রত্যেক ভালো কাজেরই একটা মূল্য দিতে হয়। সেটা জেনেই সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এর প্রতিক্রিয়া এতটা তীব্র হবে, তা ভাবিনি। এখন এমন অনেক মানুষ আমাদের নিয়ে মন্তব্য করছেন, যাদের সম্পর্কে কথা বললেও সম্মানহানি হয়। তারা আমাদের চেনেন না, জানেন না, এমনকি কখনো আমাদের আলোচনার বিষয়ও ছিলেন না।’

তিনি আরও বলেন, বর্তমানে সাংবাদিকরা বিভিন্ন ব্যক্তির মন্তব্যের প্রতিক্রিয়া জানতে ফোন করছেন। বিষয়টিকে তিনি নিজের ভাষায় ‘কাফফারা’ বা মূল্য পরিশোধের অংশ হিসেবে উল্লেখ করেছেন।

ফারুকীর মতে, তার বিরুদ্ধে চলা মিথ্যাচার ও সমন্বিত প্রচারণাই প্রমাণ করে যে তিনি দায়িত্ব পালনে সঠিক পথেই ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলেও আমি মানুষের পক্ষেই থাকতাম। জুলাইয়েও মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।’

নিজের পেশাগত জীবন সম্পর্কে তিনি দাবি করেন, তার পুরো ক্যারিয়ারই বেসরকারি প্রতিষ্ঠানের কাজের ওপর গড়ে উঠেছে। বিজ্ঞাপন ও টেলিভিশন নির্মাণে নিজস্ব স্বাক্ষর তৈরি করে তিনি দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। এজন্য কখনো কোনো সরকারের সহায়তার প্রয়োজন হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকার অভিযোগ প্রসঙ্গে ফারুকী বলেন, আওয়ামী লীগ তো বটেই, কোনো সরকারের সঙ্গেই তার কোনো ব্যবসায়িক সম্পর্ক ছিল না। সরকারি প্রকল্পে তার প্রতিষ্ঠানের কাজের পরিমাণও অত্যন্ত সীমিত ছিল বলে দাবি করেন তিনি। বিমান বাহিনী, নৌবাহিনী ও ভ্যাট সংক্রান্ত কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলো তার দীর্ঘ ক্যারিয়ারের এক শতাংশেরও কম।

তিনি আরও বলেন, যেসব বিজ্ঞাপন সংস্থার সঙ্গে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে, তাদের সঙ্গেও তার কাজের সম্পর্ক ছিল খুবই সীমিত। গত দুই দশকে সেখানে হাতে গোনা কয়েকটি কাজ করেছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন জগতে নিজের ‘বিদ্রোহী’ স্বভাবের কারণে অনেক সংস্থা তার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করত না বলেও মন্তব্য করেন ফারুকী। তবে কয়েকটি ব্র্যান্ড তার ওপর আস্থা রেখেছিল বলেই তিনি পেশাগতভাবে টিকে থাকতে পেরেছেন বলে উল্লেখ করেন।

স্ট্যাটাসের শেষদিকে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিত্তিহীন প্রচারণার জবাব দিতে গিয়ে তাকে অপ্রয়োজনীয় একটি বিষয়ে সময় ব্যয় করতে হয়েছে।