tanaka
প্রচ্ছদঅন্যান্যসীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ব্যর্থ, বিজিবির পাশে সীমান্তবাসী

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ব্যর্থ, বিজিবির পাশে সীমান্তবাসী

দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। বিভিন্ন এলাকায় সীমান্তবাসী, গ্রাম পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি জোরদার করেছেন।

এদিকে লালমনিরহাট সীমান্ত থেকে ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮ জন এবং পাটগ্রাম সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিয়ে গেছে বিএসএফ। অন্যদিকে পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় এখনও ১০ জন ভারতীয় নাগরিক অবস্থান করছেন।

গাংনী সীমান্তে সাতজনকে প্রবেশ করানোর চেষ্টা

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে শনিবার ভোরে সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা দ্রুত সীমান্ত এলাকায় জড়ো হন এবং বিজিবিও সতর্ক অবস্থান গ্রহণ করে।

স্থানীয়দের দাবি, ওই দলে তিনজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু ছিল। কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশের দিকে এগিয়ে দেওয়া হলেও বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করছেন বলে জানা গেছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। হ্যান্ডমাইকে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

কুষ্টিয়ায় বিজিবির সঙ্গে সীমান্তবাসীর টহল

কুষ্টিয়া সীমান্তে গত কয়েকদিন ধরে বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সীমান্তের ওপারে বিভিন্ন স্থানে নারী, পুরুষ ও শিশুসহ কয়েকটি দলকে জড়ো করে সীমান্তের কাছে আনার চেষ্টা করা হচ্ছে।

তবে বিজিবির কড়া নজরদারি এবং সীমান্তবাসীর সহযোগিতার কারণে কোনো চেষ্টাই সফল হয়নি। স্থানীয় বাসিন্দা বুলবুল ইসলাম বলেন, অবৈধ অনুপ্রবেশের কোনো চেষ্টা সীমান্তবাসী মেনে নেবে না এবং বিজিবির সঙ্গে থেকে সীমান্ত সুরক্ষায় সহযোগিতা করবে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে বসবাসকারী মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজিবির পাশে দাঁড়িয়েছেন এবং অনেকেই পালাক্রমে টহল কার্যক্রমে অংশ নিচ্ছেন।

হিলি সীমান্তে মাঠে গ্রাম পুলিশ

দিনাজপুরের হিলি সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন গ্রাম পুলিশ সদস্যরা। শনিবার সকাল থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে তাদের সক্রিয় উপস্থিতি দেখা গেছে।

এদিকে ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে পাঁচজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর একটি চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।

লালমনিরহাটে ৩২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

লালমনিরহাটের তিন উপজেলার চারটি সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শিশু ও নারীসহ ৩২ জনকে ফেরত নিয়ে গেছে বিএসএফ। বিজিবির তথ্য অনুযায়ী, দিনভর শূন্যরেখার কাছে অবস্থান করানোর পর শুক্রবার রাত ও শনিবার সকালে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে ফেরত গেল ২৮ জন

চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে তিন দিন আগে পুশইনের অভিযোগ ওঠা ২৮ জনকে শূন্যরেখা থেকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ। তবে তাদের সঙ্গে থাকা মালামাল এখনও সীমান্তের ভারতীয় অংশে পড়ে রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

পাটগ্রামে ব্যর্থ পুশইন

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রায় ২৫ ঘণ্টা পর তাদের ফিরিয়ে নেয় বিএসএফ। শনিবার সকালে কাঁটাতারের গেট খুলে বিএসএফ সদস্যরা তাদের ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায়।

পঞ্চগড়ে শূন্যরেখায় ১০ ভারতীয় নাগরিক

পঞ্চগড় সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত ১০ ভারতীয় নাগরিককে এখনও ফেরত নেয়নি বিএসএফ। প্রায় ৪০ ঘণ্টা পার হলেও তারা জিরো লাইনে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

ঠাকুরগাঁও সীমান্তে মানবিক সংকট

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ১১ জন নারী-পুরুষ ও শিশু খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তীব্র রোদ ও বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন তারা বলে জানা গেছে।

সিলেটে মাইকিং ও নজরদারি বৃদ্ধি

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় সম্ভাব্য পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের সচেতন করা হচ্ছে এবং সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, উত্মাছড়া সীমান্ত দিয়ে লোকজন প্রবেশ করানোর একটি চেষ্টা প্রতিহত করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আটক দুই ভারতীয় নাগরিককে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ভারতে ফেরত পাঠানো হয়েছে।

শেরপুর সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ

শেরপুর সীমান্তে মানবপাচারকারী চক্রের সহায়তায় সংঘটিত একটি বড় ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। শুক্রবার জুমার নামাজের সময় স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সীমান্তজুড়ে চলমান এসব ঘটনায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ সীমান্ত নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।