tanaka
প্রচ্ছদরাজনীতিশক্তিশালী গণতন্ত্রে গঠনমূলক সমালোচনা জরুরি: রিজভী

শক্তিশালী গণতন্ত্রে গঠনমূলক সমালোচনা জরুরি: রিজভী

শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরলে গণতন্ত্র আরও শক্তিশালী হয় এবং রাষ্ট্র পরিচালনা আরও কার্যকর হয়ে ওঠে।

শুক্রবার (৮ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, শনিবার (৯ মে) বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের সাংগঠনিক ইউনিটগুলোর সঙ্গে দিনব্যাপী মতবিনিময় সভায় অংশ নেবেন। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, বিরোধী দল সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করতেই পারে, তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক। উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বেকায়দায় ফেলতে মিথ্যা তথ্য প্রচার বা বিভ্রান্তিমূলক কর্মসূচি গ্রহণ করা হলে তা ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হবে।

রিজভী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এবং ক্ষমতার বাইরে থেকেও নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের রাজনীতি গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, জনগণই হচ্ছে চূড়ান্ত বিচারক। বিরোধী দলের বক্তব্য ও সমালোচনা যদি জনগণের কাছে ইতিবাচক মনে হয়, তাহলে জনগণই তার মূল্যায়ন করবে। আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেছে কি না।

গণতন্ত্রের প্রসঙ্গে রিজভী বলেন, “গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর সংগ্রাম করেছি। এই আন্দোলনে শিশু, ছাত্র, শিক্ষক ও শ্রমিকসহ অনেক মানুষ জীবন দিয়েছেন। গণতন্ত্রের মূল চেতনা হলো—সরকার তার দায়িত্ব পালন করবে এবং বিরোধী দল তার সমালোচনা করবে।”

আসন্ন মতবিনিময় সভা সম্পর্কে তিনি জানান, সারাদেশের নেতারা সাংগঠনিক বিভিন্ন বিষয়, সরকারের কর্মকাণ্ড এবং সাম্প্রতিক কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরবেন। পাশাপাশি গত কয়েক মাসে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ এবং চলমান পরিকল্পনাগুলোও সংশ্লিষ্ট মন্ত্রীরা বিশ্লেষণসহ উপস্থাপন করবেন।

এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।