হরমুজ প্রণালিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ থেকে দূরে থাকতে বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে তারা বলেছে, সময় হলে ‘ইয়াঙ্কিদের শিক্ষা দেওয়া’ প্রয়োজন হয়ে পড়ে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিএইচএফ চ্যানেল-১৬ এ প্রচারিত একটি অডিও বার্তায় আইআরজিসি নৌবাহিনী জাহাজগুলোকে অন্তত ১০ মাইল দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয়।
বার্তাটিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে যুদ্ধজাহাজ থেকে দূরে থাকতে হবে, কারণ মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ‘ইয়াঙ্কিদের শিক্ষা দেওয়া’ হয়।
সামুদ্রিক শিল্পসংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, বৃহস্পতিবার ইরান প্রণালির উত্তরাংশে থাকা জাহাজগুলোকে দুবাই-সংলগ্ন দক্ষিণ দিকে সরে যেতে নির্দেশ দেয়। পরে বেশ কয়েকটি জাহাজ সেই নির্দেশনা অনুসরণ করে। একই দিনে ওই জলপথে তীব্র গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।
এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি। গত ৪৮ ঘণ্টায় একাধিক নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার তথ্য পাওয়া গেছে।
সংস্থাটি আরও বলেছে, সাম্প্রতিক হামলার জেরে ওই জলপথে চলাচল এখনো উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে এবং অবরোধসংক্রান্ত তৎপরতাও অব্যাহত আছে।
অন্যদিকে, একটি ইরানি সামুদ্রিক সূত্র সিএনএনকে জানিয়েছে, চলমান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা খুবই ক্ষীণ। তাদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুতই পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নিতে পারে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই আইআরজিসির অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে হামলার হুমকি দিয়ে আসছে ইরান।



