মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি হলে তা অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থে হতে হবে। এজন্য ইরানকে কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে, অন্যথায় ওয়াশিংটন চুক্তিতে না-ও যেতে পারে। শাফাক নিউজ এ তথ্য জানিয়েছে।
‘ক্লাব ফ্লোরিডা ফোরাম’-এ বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন পক্ষ থেকে চুক্তির প্রস্তাব আসছে। তবে কার সঙ্গে আলোচনা সবচেয়ে কার্যকর হবে, তা এখনো যাচাই করছে যুক্তরাষ্ট্র।
তিনি আরও বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে কাজ করা কঠিন। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ট্রাম্প দাবি করেন, ইরানের নেতৃত্বে বিভক্তি রয়েছে এবং যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন। তবে এ দাবির পক্ষে তিনি সুনির্দিষ্ট কোনো প্রমাণ দেননি।
এর আগে ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমঝোতা হয়নি। সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের সংশোধিত প্রস্তাবও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে।



