যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানস্থলের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।
ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি সেখানে উপস্থিত ছিলেন।মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম কোল টোমাস অ্যালেন, বয়স ৩১ বছর। তিনি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা।
ওয়াশিংটন ডিসির অন্তর্বর্তীকালীন পুলিশপ্রধান জেফরি ক্যারল জানান, এখনো হামলার উদ্দেশ্য স্পষ্ট নয় এবং কাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটিও নিশ্চিত নয়। তিনি বলেন, তদন্তকারীদের ধারণা হামলাকারী ওই হোটেলেই অবস্থান করছিলেন, যার ফলে তিনি সহজেই অনুষ্ঠানের সময় ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি ছিল। তাকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, তবে তিনি গুলিবিদ্ধ হননি।



