মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেও খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ওসামা বুদাই অতিরিক্ত আমদানি ব্যয় সরকারিভাবে বহনের নির্দেশ দিয়ে একটি মন্ত্রীপর্যায়ের আদেশ জারি করেছেন। এ তথ্য জানিয়েছে দ্য টাইমস কুয়েত।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে পণ্য আমদানির ক্ষেত্রে যে অতিরিক্ত খরচ তৈরি হচ্ছে, তা সরকার ভর্তুকি হিসেবে বহন করবে। এর মাধ্যমে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা এবং দাম স্থিতিশীল রাখাই মূল লক্ষ্য।
কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্র, স্থল বা আকাশপথে সরবরাহে বিঘ্ন ঘটলে আমদানিকারকদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল। এই অতিরিক্ত ব্যয়ই সরকার বহন করবে।
এই সুবিধা মূলত অত্যাবশ্যকীয় পণ্যের জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছে চাল, আটা, ডাল, ভোজ্যতেল, চিনি, হিমায়িত মুরগি, টমেটো পেস্ট, শিশু খাদ্য, গুঁড়ো দুধ, বোতলজাত পানি এবং বিভিন্ন ক্যানজাত খাদ্য।
এছাড়া, বাজার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই তালিকায় আরও পণ্য যুক্ত করার ক্ষমতাও মন্ত্রীর হাতে রাখা হয়েছে।
আঞ্চলিক সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হওয়ায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার, যাতে সম্ভাব্য খাদ্য সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা যায়।



