সৌদি আরবের আকাশসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, হামলাগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়, দুপুরের দিকে সৌদি আকাশসীমায় একাধিক ড্রোন, চারটি অজ্ঞাত আকাশযান এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। পরবর্তীতে সেগুলো সফলভাবে ভূপাতিত করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সবগুলো হুমকি মোকাবিলা করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পূর্বাঞ্চলের দিকে আসছিল, তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
অন্যদিকে, লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় চালানো হামলায় হিজবুল্লাহর অন্তত ৪০ যোদ্ধা নিহত হয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিমান হামলার মাধ্যমে হিজবুল্লাহর একাধিক সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। একই সময়ে স্থলবাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়েছে।
এছাড়া নৌবাহিনীও হিজবুল্লাহর একটি অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে।



