যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর প্রায় এক মাস পর তার ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছেন। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তাকে জনসম্মুখে দেখা যায়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে তার নামে বেশ কিছু বিবৃতি প্রচার করা হলেও, দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে অনুপস্থিত থাকায় বিশ্বজুড়ে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে তুমুল আলোচনা চলছে।
এই সব গুঞ্জনের মধ্যেই ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদোভ বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। আরটিভিআই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মোজতবা খামেনি বর্তমানে ইরানেই অবস্থান করছেন। তার ভাষ্য অনুযায়ী, নিরাপত্তাজনিত কারণেই তিনি আপাতত জনসম্মুখে আসছেন না।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। এরপরই গুঞ্জন ওঠে, ওই হামলায় তিনিও গুরুতর আহত হয়েছেন। এমনকি কেউ কেউ দাবি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপনে মস্কোতে নেওয়া হয়েছে।
তবে এসব জল্পনা সত্ত্বেও ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব বা জনসমর্থনে দৃশ্যত কোনো ভাটা পড়েনি। গত এক মাসে বহু মানুষ রাস্তায় নেমে নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলার পর সেই সমর্থন আরও জোরালো হয়েছে।



