ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর পোস্টার লাগানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রক্টর অফিস ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাকর্মীরা। প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে তারা ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন।
শনিবার দুপুর ১টার দিকে প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান নেন ডাকসু সদস্যরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ করেন। পরে ডাকসুর প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সঙ্গে বৈঠক করেন।
প্রক্টর বলেন, পোস্টার কখন লাগানো হয়েছে তা নির্দিষ্টভাবে জানা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যেত। সিকিউরিটি অফিসারকে দারোয়ানদের পরিচয় যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং এস্টেট অফিসকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, চারুকলা, কার্জন হল ও কলাভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাকর্মী থাকার পরও কীভাবে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রভোস্ট ও এস্টেট অফিসকে দায়িত্বপ্রাপ্তদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বৈঠকের সময় ডাকসু নেতাদের সঙ্গে প্রক্টরের তর্ক-বিতর্ক হয়। ডাকসু নেতারা অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই ছাত্রলীগের কর্মকাণ্ড বারবার ঘটছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, নিষিদ্ধ সংগঠনটি অতীতেও বিভিন্ন সময়ে ক্যাম্পাসে উস্কানিমূলক কার্যক্রম চালিয়েছে। প্রশাসনের শৈথিল্যের কারণেই তারা এমন সাহস পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, অতীতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে ক্যাম্পাসে পোস্টার লাগায়? ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ যাচাই করে দায়ীদের শনাক্তের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান এবি জুবায়ের। পাবনা, নরসিংদী ও রামপুরায় নারী ও শিশু নির্যাতন ও হত্যার ঘটনার নিন্দা জানিয়ে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবিও জানান তিনি।



