tanaka
প্রচ্ছদরাজনীতিডাকসু নির্বাচনে ছাত্রদলকে রুখতে মব গঠনের অভিযোগ রিজভীর

ডাকসু নির্বাচনে ছাত্রদলকে রুখতে মব গঠনের অভিযোগ রিজভীর

ডাকসু নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে মব (জনতা দল) গঠন করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

এর আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে রিজভী জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

রিজভী বলেন, “ডাকসু নির্বাচনে যাতে ছাত্রদল মনোনয়নপত্র কিনতে না পারে, সে জন্য পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। মব তৈরি করে ছাত্রদলের পথ রুদ্ধ করার চেষ্টা চলছে। প্রশ্ন হলো, আজকে যদি ড. মুহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় থাকে, তবে কেন এমন পরিস্থিতি তৈরি হবে? কেন গ্রামে-গ্রামে, জেলায়-জেলায় মব গঠন হবে? এই ধরনের বেআইনি পরিস্থিতি স্পষ্ট করে যে, দেশে সুশাসনের ঘাটতি রয়েছে।”

তিনি আরও বলেন, “আইন নিজের হাতে তুলে নিচ্ছে এক শ্রেণির মানুষ। এর ফলে জনগণের জীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। রংপুরের তারাগঞ্জে দুইজন মব-সংস্কৃতির শিকার হয়েছেন। এ অবস্থা কোনো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কাম্য নয়।”

ভোটকেন্দ্র প্রসঙ্গে রিজভী বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে গঠিত ভোটকেন্দ্রগুলো বাতিল করতে হবে। নতুন ভোটকেন্দ্র নির্ধারণে জনসংখ্যার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। ফ্যাসিবাদের সময় যে ভোটকেন্দ্রগুলো হয়েছে, সেগুলোর উদ্দেশ্য ছিল রাজনৈতিক। বিগত তিনটি নির্বাচন যথাক্রমে ভোটারবিহীন, মধ্যরাতের এবং ডামি নির্বাচন হিসেবে পরিচিত—মানুষ এসব ভুলে যায়নি।”

তিনি বলেন, “যদি নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে, তবে জনগণের আস্থা ফিরবে। প্রায় ১৬-১৭ বছর পর ভোটাররা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবে—এমন পরিবেশ তৈরি করা কমিশনের দায়িত্ব।”

ব্যাংক ঋণ খেলাপি ইস্যুতে রিজভী বলেন, “শেখ হাসিনার আমলে সাড়ে তিন লাখ কোটি টাকার ঋণ খেলাপিদের ঋণ পুনঃতালিকাভুক্ত ও নবায়ন করা হয়েছে। বর্তমান সরকারও দেড় লাখ কোটি টাকার ঋণ নবায়ন করেছে। জনগণ এটা প্রত্যাশা করে না। যারা রাষ্ট্রের অর্থ লুট করেছে, তারাই ঋণ খেলাপি হয়েছে। তারা ঋণ পরিশোধ না করেও আবার সুবিধা পাচ্ছে—এটা দুর্নীতির বড় উদাহরণ।”

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মোস্তাফিজুর রহমান ও স্বেচ্ছাসেবক দলের ইয়াসীন আলীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।