পবিত্র রমজান মাসে নিম্নআয়ের ১০ লাখ পরিবারের প্রোটিনের চাহিদা পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির এই কর্মসূচি রাজধানীর ২৫টি স্পটে পরিচালিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান-এ সুলভ মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, উত্তরা, আজিমপুর, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ২৫টি বিক্রয়কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো রমজান মাসজুড়ে চলবে। এর আওতায় প্রতি ডজন ডিম ৯৬ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা এবং প্রতি কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ উদ্যোগ সম্প্রসারণ করা হবে। তার মতে, সরকারের এ পদক্ষেপ বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতেও সহায়ক হবে।
রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ীর অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণে নিম্নআয়ের মানুষ ভোগান্তিতে পড়েন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতে কর্মসূচিটি আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।
এছাড়া সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।



