যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত চালানো এসব হামলায় ৬ শিশুসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন।
সর্বশেষ হামলায় গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত গাজার পুলিশ সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এর আগে ভোরে মধ্য গাজায় পৃথক হামলায় ৫ জন এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় আরও ৭ জন নিহত হন।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের এই নতুন হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি হয়, তা শুরু থেকেই নড়বড়ে ছিল বলে অভিযোগ রয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ওই যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় ৫০০’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ মধ্য গাজা থেকে জানান, নতুন করে শুরু হওয়া হামলার ফলে গাজার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আগে বিক্ষিপ্ত হামলা হলেও শনিবার সকাল থেকে ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এ পর্যন্ত চলমান সংঘাতে ইসরায়েলি হামলায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



