tanaka
প্রচ্ছদজাতীয়এক নজরে ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল

এক নজরে ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল

প্রস্তাবিত নতুন বেতন স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত হবে ১:৮। আজ এই প্রস্তাবিত পে স্কেল প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।

তথ্য অনুযায়ী, প্রথম বেতন কমিশন (১৯৭৩)-এ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:১৫.৪। পরবর্তীতে সর্বশেষ বেতন কমিশন (২০১৫)-এ তা কমে দাঁড়ায় ১:৯.৪। বর্তমান জাতীয় বেতন কমিশন (২০২৫) এ অনুপাত আরও কমিয়ে ১:৮ করার সুপারিশ করেছে, যা এ পর্যন্ত সর্বনিম্ন অনুপাত হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রস্তাবিত পে স্কেলে উল্লেখ করা হয়েছে, বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা এবং বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য ভাতা মিলিয়ে মোট বেতন-ভাতা দাঁড়ায় ১৬,৯৫০ টাকা। নতুন বেতন স্কেল কার্যকর হলে একই কর্মচারীর মূল বেতন হবে ২০,০০০ টাকা এবং ভাতাসহ মোট বেতন-ভাতা দাঁড়াবে ৪১,৯০৮ টাকা।

এছাড়া, ১৯তম গ্রেড থেকে ১ম গ্রেড পর্যন্ত সব স্তরের কর্মচারীদের ভাতা বৃদ্ধি পাবে। তবে যুক্তিসঙ্গত বিবেচনা ও সমতা বজায় রাখার স্বার্থে এই বৃদ্ধি তুলনামূলকভাবে কম হারে নির্ধারণ করা হবে। কিছু ভাতা—যেমন যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা ও ঝুঁকিভাতা (প্রযোজ্য ক্ষেত্রে)—১০ম বা ১১তম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীরা পেয়ে থাকেন।

ভাতা বৃদ্ধির হার নির্ধারণের সময় ৫ম গ্রেড থেকে তদূর্ধ্ব গ্রেডের জন্য প্রযোজ্য গাড়ি সেবা নগদায়ন ভাতা বিবেচনায় আনা হয়নি। এ কারণে ১ম থেকে ৯ম গ্রেডের ক্ষেত্রে ভাতা বৃদ্ধির শতকরা হার তুলনামূলকভাবে কম হবে।

৬.২৪.১ প্রস্তাবিত নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে বর্তমানে প্রদত্ত ১০ শতাংশ ও ১৫ শতাংশ বিশেষ ভাতা প্রচলিত নিয়ম অনুযায়ী সমন্বয় করার সুপারিশ করা হয়েছে।