সৌদি আরবের রাষ্ট্রীয় খনন কোম্পানি মা’আদেন চারটি নতুন খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২১ হাজার কেজি) সোনা উত্তোলন করেছে। এই সাফল্যের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ খনিজ সম্পদের মজুত যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি আন্তর্জাতিক মানের সোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মা’আদেনের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, প্রাথমিকভাবে কোম্পানির বার্ষিক লক্ষ্য ছিল ৯০ লাখ আউন্স সোনা উত্তোলন। তবে চূড়ান্ত হিসাব অনুযায়ী সেই লক্ষ্য কিছুটা সংশোধন করা হয়েছে। নতুন উত্তোলিত সোনার মধ্যে সর্বাধিক এসেছে মানসুরাহ–মাসসারাহ খনি থেকে, যেখানে প্রায় ৩০ লাখ আউন্স সোনা আহরণ করা হয়েছে। এছাড়া উরুক ২০/২১ ও উম্ম আস সালাম খনি থেকে মোট ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং ওয়াদি আল জাও খনি থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স সোনা উত্তোলন করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ওয়াদি আল জাও খনি থেকে এবারই প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে সোনা উত্তোলন শুরু হয়েছে।
মা’আদেনের প্রধান নির্বাহী কর্মকর্তা বব উইল্ট বলেন, “এই ফলাফল প্রমাণ করে যে আমাদের দীর্ঘমেয়াদি কৌশল মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। চারটি খনি এলাকা থেকে ৭০ লাখ আউন্সের বেশি সোনা উত্তোলন আমাদের সম্ভাবনা ও সক্ষমতাকে তুলে ধরছে, যা ভবিষ্যতে নগদ অর্থ প্রবাহ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষজ্ঞদের মতে, লক্ষ্যভিত্তিক খনন কার্যক্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে মা’আদেন বিশ্বসেরা সোনা উৎপাদক প্রতিষ্ঠানের কাতারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। একই সঙ্গে এই উত্তোলন দেশের অভ্যন্তরীণ সোনার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হবে।
মা’আদেনের খনি এলাকাগুলোতে আধুনিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও সুসংগঠিত লজিস্টিক ব্যবস্থার ফলে সোনা উত্তোলনের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে নতুন ওয়াদি আল জাও খনি থেকে প্রথমবারের মতো সোনা আহরণ কোম্পানির ভবিষ্যৎ খনি সম্প্রসারণ পরিকল্পনার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।



