tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদরাজনীতিনির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি: তারেক রহমান

নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি: তারেক রহমান

গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। গণতান্ত্রিক যাত্রা যেন বাধাগ্রস্ত না হয়, সে জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে দেশ, স্বজন ও মানুষের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। শুধু দলের নেতাকর্মীরাই নয়, সারাদেশে যেসব মানুষ স্বজনহারা হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দূর থেকেই স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে চেষ্টা করেছি। আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু পেরেছি করেছি। হয়তো সীমাবদ্ধতা ছিল, কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বিএনপির হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, বহু নেতাকর্মী গুম হয়েছেন। ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার বোঝা বহন করতে হয়েছে প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীকে। লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর ঘরবাড়ি ছেড়ে থাকতে বাধ্য হয়েছেন। এসব মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। তারা প্রকাশ্যেই রাজপথে থেকে আন্দোলন করেছে। গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর প্রতি বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যদের নামে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে।

সভায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “কিছু রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে, আমরা সেই সুযোগ দেব না। নির্বাচন কমিশনকে সমতা নিশ্চিত করতে হবে। বিএনপির ভদ্রতা দুর্বলতা নয়। যারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করতে চায়, তাদের ষড়যন্ত্র সফল হবে না। দেশে গণতন্ত্র ফিরবেই।”

অনুষ্ঠানে সারাদেশ থেকে গুম ও খুনের শিকার পরিবারের স্বজনরা অংশ নেন। কান্নাজড়িত কণ্ঠে তাঁরা জানান, বাসা, অফিস কিংবা রাস্তাঘাট থেকে তাঁদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে। অনেকেই আজও জানেন না, গুম হওয়া ব্যক্তিদের শেষ পরিণতি কী। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।