tanaka
প্রচ্ছদঅন্যান্য৯ বিয়ে ও পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন মিছবাহ, দিলেন ‘মুবাহালার’ ঘোষণা

৯ বিয়ে ও পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন মিছবাহ, দিলেন ‘মুবাহালার’ ঘোষণা

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিছবাহকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক বিয়ে ও পরকীয়ার অভিযোগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। এসব অভিযোগকে মিথ্যা দাবি করে ২২ আগস্ট রাতে নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট প্রকাশ করেন মিছবাহ।

পোস্টে তিনি বলেন, তার নয়টি বিয়ের যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সত্য নয়। নাঈমা জান্নাত তার পঞ্চম স্ত্রী নন, বরং তিনি বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী বলেও দাবি করেন মিছবাহ। এ দাবির পক্ষে বিয়ে ও রেজিস্ট্রির কাগজপত্র থাকার কথাও উল্লেখ করেন তিনি।

মিছবাহ আরও দাবি করেন, নাঈমা জান্নাত তার স্ত্রী-সন্তান সম্পর্কে অবগত ছিলেন এবং এসব জেনেই স্ত্রী হিসেবে তার সংসারে এসেছেন। একই সঙ্গে তিনি কোনো পরকীয়ায় জড়িত নন এবং নাঈমা জান্নাতের কাছে যৌতুক দাবি করেননি বলেও দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে ‘মুবাহালা’

নিজের বক্তব্যের সত্যতা প্রমাণে পোস্টে ‘মুবাহালা’র ঘোষণা দেন এই ইসলামি বক্তা। তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন, তার বিরুদ্ধে প্রচারিত অভিযোগগুলো সত্য হলে তার ওপর আল্লাহর লানত নেমে আসুক। আর তিনি যদি নিজের বক্তব্যে মিথ্যা বলে থাকেন, তাহলে সেই লানত তার ওপরই নেমে আসুক।

একই সঙ্গে যারা তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে সত্য মনে করেন, তাদের এবং নাঈমা জান্নাতকেও চাইলে একইভাবে মুবাহালায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

মিছবাহ বলেন, বিষয়টির চূড়ান্ত ফয়সালা মানুষের হাতে নয়, বরং আল্লাহর হাতে ছেড়ে দিয়েছেন। এ বিষয়ে এটিই তার শেষ বক্তব্য বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

আদালতের মামলায় আইনি জবাব দেওয়ার কথা

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আর কোনো বক্তব্য দেবেন না জানিয়ে মিছবাহ বলেন, এরপরও কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপবাদ বা সম্মানহানির চেষ্টা করলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।

তিনি আরও জানান, যেহেতু এ বিষয়ে আদালতে মামলা হয়েছে, তাই মামলার আইনি প্রক্রিয়ায় তিনি যথাযথ জবাব দিতে প্রস্তুত আছেন।