৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৬ অক্টোবর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে দ্বিতীয় দফায় এসব নিয়োগ দেওয়া হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে ওই নিয়োগের সময় পুলিশ ভেরিফিকেশনের নামে অনেক সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে—এমন অভিযোগ ওঠে। এ নিয়ে সুপারিশপ্রাপ্তদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং পরে তারা আন্দোলনেও নামেন।
নতুন প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া হলে ওই তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে তাদের।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কেউ যোগদান না করলে তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে। সে ক্ষেত্রে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।



