tanaka
প্রচ্ছদজাতীয়৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী শাহে আলমের

৩ জেলায় মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী শাহে আলমের

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ জনকল্যাণ ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় আরও জোরদারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে এক সভায় প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন। এর আগে এই তিন জেলায় সরকারের কার্যক্রম সমন্বয় ও তদারকির দায়িত্ব দিয়ে গত ২৭ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্য ও সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সার্বিক চিত্র তুলে ধরা হয়।

প্রতিমন্ত্রী সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে। জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট যে কোনো বিষয় তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে।

জেলা প্রশাসকদের নিয়মিতভাবে সব উপজেলা পরিদর্শনের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে কুড়িগ্রামের আইনশৃঙ্খলা সভায় সমন্বয় আরও জোরদার করতে পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদেরও অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশনা দেন।