tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক৩১টি ইরানি জাহাজ ঘুরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী

৩১টি ইরানি জাহাজ ঘুরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী

ইরানের ৩১টি তেলবাহী জাহাজকে পথ পরিবর্তন করতে বা বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী—এমন তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

সেন্টকম জানায়, ইরানের ওপর সমুদ্রপথে আরোপিত অবরোধ বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো অভিযানটি পরিচালনা করছে মার্কিন নৌবাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, ১৩ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া জাহাজগুলোকে নজরদারির আওতায় আনা হয়েছে। ট্রাম্প এই উদ্যোগকে অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল হিসেবে উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা জোরদার, বন্দর কার্যক্রম নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক জলসীমায় জাহাজ আটক করার মতো পদক্ষেপ।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এই অবরোধের ফলে ইরানের প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার ক্ষতি হচ্ছে।

অন্যদিকে জ্বালানি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভরটেক্সা জানিয়েছে, এখনো অন্তত ৩৪টি তেলবাহী জাহাজ অবরোধ এড়িয়ে চলাচল করছে। এর মধ্যে কিছু জাহাজ উপসাগরীয় অঞ্চল ত্যাগ করছে, আবার কিছু আরব সাগর হয়ে ইরানের দিকে অগ্রসর হচ্ছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, কয়েকটি জাহাজ তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) বন্ধ করে গন্তব্য গোপন রাখার চেষ্টা করছে। উদাহরণ হিসেবে ‘ডোরেনা’ নামের একটি বড় তেলবাহী ট্যাংকারের কথা উল্লেখ করা হয়েছে, যা মালয়েশিয়ার উপকূলে অবস্থানকালে ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে তেল স্থানান্তর করছিল।