ইরান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে, যেখানে আগামী ৩০ দিনের মধ্যে দুই দেশের মধ্যকার সব অমীমাংসিত ইস্যুর সমাধান করার আহ্বান জানানো হয়েছে। তেহরান বলছে, তাদের লক্ষ্য সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং দীর্ঘমেয়াদে যুদ্ধের পূর্ণ অবসান নিশ্চিত করা।
রবিবার (৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা-সরকারি বার্তা সংস্থা নূর নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের পাল্টা হিসেবে এই ১৪ দফা পরিকল্পনা দিয়েছে তেহরান।
প্রস্তাবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে চলমান ইসরায়েলি হামাসহ সব ধরনের বৈরিতা বন্ধের দাবি জানানো হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করলেও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বর্তমানে চলমান তিন সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদির মধ্যে টেলিফোনে যুদ্ধবিরতি ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতা করেছিল ওমান।
ইরানের ১৪ দফা প্রস্তাবের মূল বিষয়গুলো
• যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নির্দিষ্ট সময়সীমা (৩০ দিন) বেঁধে দিয়ে সমঝোতার আহ্বান।
• সময়সীমা শেষ হলে ইরান “শূন্য-মজুদ নীতি” অনুসরণ করে ৩.৬ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করবে।
• ইরান ও তার মিত্রদের ওপর হামলা বন্ধের নিশ্চয়তা চাওয়া হয়েছে; বিনিময়ে ইরানও হামলা থেকে বিরত থাকবে।
• ইরানের পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা বা ধ্বংসের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।
• নিষেধাজ্ঞা প্রত্যাহারের অংশ হিসেবে জব্দকৃত অর্থ ধাপে ধাপে মুক্ত করার প্রস্তাব রয়েছে।
• তৃতীয় ধাপে আরব ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কৌশলগত সংলাপ শুরু করে মধ্যপ্রাচ্যে একটি যৌথ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা।



