২০২৬ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ সম্পর্কে প্রাথমিক পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী, আত্মসংযম ও ইবাদতের এই পবিত্র মাসটি আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে। তবে রমজানের চূড়ান্ত সূচনা নির্ভর করবে প্রথাগত চাঁদ দেখার ওপর।
রমজান শুরু কবে?
দুবাইয়ের ইসলামিক ক্যালেন্ডার রূপান্তর টুল অনুযায়ী, ২০২৬ সালের রমজান ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে।
হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস ২৯ অথবা ৩০ দিন হতে পারে। সে হিসাবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) রমজান মাস শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদুল ফিতর কবে?
রমজান শেষে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতর ২০ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হতে পারে। এর ফলে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে বছরের প্রথম দীর্ঘ ছুটির সুযোগ সৃষ্টি হতে পারে। সাধারণত শাওয়াল মাসের প্রথম তিন দিন ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, হিজরি মাসের শুরু ও শেষ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রমজান ও ঈদ পালিত হয়। সে হিসেবে বাংলাদেশে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ২১ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি।



