tanaka
প্রচ্ছদরাজনীতি১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ আজ

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ আজ

গণভোটের গণরায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি সফল করতে লংমার্চের রুটে থাকা বিভিন্ন জেলা ও মহানগর শাখায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

লংমার্চের বহর রংপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সকাল ৮টার দিকে লংমার্চের বহর রওনা হবে রংপুরের উদ্দেশে। পথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কর্মসূচির সমাপনী সমাবেশ হবে রংপুর জিলা স্কুল মাঠে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর বিরোধী এই জোটের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে ছয় দফা দাবি জানানো হয়েছিল। এবার রংপুর লংমার্চে আরও দুটি দাবি যুক্ত করে মোট আট দফা দাবি সামনে আনা হয়েছে।

১১ দলের আট দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন; জুলাই গণহত্যার বিচার; বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ; দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন; সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

শুক্রবার বেলা ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রতি কূটনৈতিক চ্যানেলে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গোলাম পরওয়ার বলেন, ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে এবং পথে বহরকে অভ্যর্থনা জানাতে লাখ লাখ মানুষ প্রস্তুত রয়েছেন। নারীরাও সড়কের পাশে দাঁড়িয়ে লংমার্চকে অভিবাদন জানাবেন বলে তারা খবর পেয়েছেন।

লংমার্চের বহরে এক হাজারের বেশি গাড়ি যুক্ত হতে পারে বলেও জানান জামায়াতের এই নেতা।

সরকারের প্রতি শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো ধরনের বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, লংমার্চ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তারা প্রত্যাশা করছেন, কেউ যেন কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। একই সঙ্গে বহরে থাকা নেতাকর্মীদেরও কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ধৈর্য ও সংযমের সঙ্গে গণতান্ত্রিক কর্মসূচি সফল করা হবে। এ জন্য সরকারি দল বিএনপি, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

দেশবাসী এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে লংমার্চে অংশ নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

এদিকে ঢাকা-রংপুর লংমার্চের প্রস্তুতি দেখতে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশস্থল পরিদর্শন করেন গোলাম পরওয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ড. রেজাউল করিম, ড. হেলাল উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা।