tanaka
প্রচ্ছদজাতীয়১০০ গুণী শিক্ষক পাচ্ছেন ১ লাখ টাকা করে পুরস্কার

১০০ গুণী শিক্ষক পাচ্ছেন ১ লাখ টাকা করে পুরস্কার

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে ১ লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভার আগে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। মাঠপর্যায়ে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করা শিক্ষকদের যথাযথ স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং অন্যদের উৎসাহিত করাই সরকারের লক্ষ্য।

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের অবদান স্মরণ করে তাদের সম্মানিত করা হবে। সেরা শিক্ষক নির্বাচন ও পুরস্কার দেওয়ার জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে।

এর আগে মাত্র ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হতো। এবার পুরস্কারের পরিধি বাড়িয়ে বিভিন্ন পর্যায়ের দক্ষ ও গুণী শিক্ষকদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় নির্বাচিত ১০০ জন শিক্ষক পাবেন ১ লাখ টাকা করে অনুদান ও সম্মাননা।

এদিকে শিক্ষকদের আচরণবিধি নিয়েও নতুন করে কাজ চলছে। শিক্ষকদের আচরণ ও মূল্যবোধের মাধ্যমে সমাজ আলোকিত হয় উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচিত কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানান, নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়েও কাজ চলছে। সরকারি কর্মচারীরা যে অনুপাতে সুবিধা পাবেন, শিক্ষকরাও একই অনুপাতে সুবিধা পাবেন বলে জানান তিনি।

শিক্ষকদের সম্মান ও স্বীকৃতির পরিধি বাড়াতে এবার ১০০ গুণী শিক্ষককে দেওয়া হচ্ছে ১ লাখ টাকা করে পুরস্কার।