এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনকারীদের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার প্রায় পৌনে ১৩ লাখ উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ লাখের বেশি শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারায় মোট আবেদনের সংখ্যা পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় অনেক বেশি।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, বিপুলসংখ্যক আবেদন হলেও নির্ধারিত সময় অনুযায়ী ১০ সেপ্টেম্বর ফল প্রকাশের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ১০ সেপ্টেম্বর ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে। কোনো কারণে ফল প্রকাশে বিলম্ব হলে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময়ও বাড়ানো হবে।
গত ১১ আগস্ট পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়ে ১৭ আগস্ট রাত পর্যন্ত চলে। এ সময়ে লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়ে।
সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। সেখানে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত ও ব্যবহারিক মিলিয়ে মোট ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
এ ছাড়া কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, যশোর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন।
ফল পরিবর্তনের আশায় থাকা শিক্ষার্থীদের জন্য এখন অপেক্ষা ১০ সেপ্টেম্বরের।



