দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০৫ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। মৃতদের প্রায় সবাই শিশু।
চলতি বছরের জানুয়ারিতে প্রথম কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরবর্তী সময়ে ফেব্রুয়ারিতে রাজধানীর কয়েকটি বস্তি এলাকায় রোগটির সংক্রমণ দেখা দেয়। তবে সরকারিভাবে গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত রোগী ও মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।



