tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকস্পেনের কাছে অভিবাসীবাহী নৌকায় ৫ মরদেহ, আরও প্রাণহানির আশঙ্কা

স্পেনের কাছে অভিবাসীবাহী নৌকায় ৫ মরদেহ, আরও প্রাণহানির আশঙ্কা

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে উদ্ধার করা একটি অভিবাসীবাহী নৌকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির সমুদ্র উদ্ধার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তবে জীবিত উদ্ধার হওয়া যাত্রীরা দাবি করেছেন, দীর্ঘ সমুদ্রযাত্রায় আরও কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটি থেকে তিনজনকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার ভোরে আরও ৪১ জনকে গ্রান কানারিয়ার আরগুইনেগিন বন্দরে নামানো হয়।

অভিবাসী অধিকার সংগঠন ওয়াকিং বর্ডার্সের প্রতিষ্ঠাতা হেলেনা মালেনো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জীবিত যাত্রীরা বলেছেন, যাত্রাপথে ৮৩ জনের মৃত্যু হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশুও ছিল। নৌকাটি ২৭ দিন আগে গাম্বিয়া থেকে যাত্রা শুরু করেছিল।

তবে ৮৩ জনের মৃত্যুর দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। স্পেনের মেরিটাইম রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারীরা নৌকাটিতে পৌঁছে পাঁচটি মরদেহ দেখতে পান। প্রতিকূল আবহাওয়ার কারণে মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।

ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিহো এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে অভিবাসন ইস্যুতে স্পেন সরকারের একটি সুস্পষ্ট রাষ্ট্রীয় নীতির প্রয়োজনীয়তার কথা বলেছেন। জুলাইয়ে উত্তর আফ্রিকার স্পেনীয় ভূখণ্ড সেউতায় অভিবাসীদের প্রবেশের সময় প্রাণহানির ঘটনাও তিনি স্মরণ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্লাভিহো বলেন, মানুষের প্রাণহানি অব্যাহত থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার মতে, আটলান্টিক মহাসাগর ক্রমেই একটি ‘মৃত্যুফাঁদে’ পরিণত হচ্ছে এবং ক্যানারি দ্বীপপুঞ্জের বাসিন্দারা বিষয়টিকে স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারেন না।