tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসৌদি-সমর্থিত শত শত যোদ্ধা নিহতের দাবি হুথির, ‘মুক্ত’ রেড সি উপকূল

সৌদি-সমর্থিত শত শত যোদ্ধা নিহতের দাবি হুথির, ‘মুক্ত’ রেড সি উপকূল

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি দাবি করেছে, দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিমাঞ্চলের হুদাইদাহ ও তাইজ প্রদেশের প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। এ অভিযানে সৌদি-সমর্থিত বাহিনীর শত শত সদস্য নিহত ও আহত হয়েছেন বলেও দাবি করেছে গোষ্ঠীটি।

হুথির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এসব দাবি করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি সেনা ও ‘পপুলার কমিটি’র মিত্র যোদ্ধারা হুদাইদাহ ও তাইজ প্রদেশের ছয়টি জেলা থেকে সৌদি-সমর্থিত বাহিনীকে হটিয়ে দিয়েছে। অভিযানে প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা ‘মুক্ত’ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

হুথির এই মুখপাত্র আরও বলেন, তাদের সশস্ত্র বাহিনী ও মিত্ররা সৌদি-সমর্থিত বাহিনীর সাতটি ডিভিশনকে পরাজিত করেছে। এসব ডিভিশনের অধীনে ৩৮টি ব্রিগেড ছিল। এতে শত শত যোদ্ধা নিহত ও আহত হয়েছেন এবং আরও অনেকে বন্দি হয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ছাড়া সৌদি-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কয়েকটি বন্দীশালায় অমানবিক পরিস্থিতিতে আটক থাকা বিপুলসংখ্যক বন্দিকেও হুথি যোদ্ধারা মুক্ত করেছে বলে জানান সারি।

বিমান প্রতিরক্ষা ইউনিটের অভিযান

ইয়াহিয়া সারি দাবি করেন, হুথির বিমান প্রতিরক্ষা ইউনিট ৩২টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে সৌদি বাহিনীর নয়টি বিমান শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বক্তব্যে তিনি হুথির নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং ইয়েমেনের ভূখণ্ড ও মাতৃভূমি রক্ষায় দায়িত্ব পালনরত যোদ্ধাদের আত্মত্যাগের প্রশংসা করেন।

সৌদি জাহাজে নৌ অবরোধের হুঁশিয়ারি

হুথির মুখপাত্র বলেন, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্যান্য দেশের জাহাজের জন্য লোহিত সাগরে চলাচল এখনও উন্মুক্ত রয়েছে। তবে সৌদি আরবের পণ্যবাহী জাহাজের ওপর নৌ অবরোধ কার্যকর থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, ইয়েমেনের ওপর আগ্রাসন অব্যাহত থাকলে এবং অবরোধ পুরোপুরি প্রত্যাহার না করা হলে ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি বজায় রাখবে হুথি। একই সঙ্গে সৌদি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি।

সারি আরও বলেন, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক তৎপরতা বাড়ানো হলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে পাল্টা হামলার পরিধিও বাড়ানো হবে।

সৌদি আরবের বিরুদ্ধে হুথির নৌ অবরোধ

চলতি বছরের ২০ জুলাই হুথি নিয়ন্ত্রিত সানা সরকার ইয়েমেনের ওপর আরোপিত ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধের’ জবাবে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার কথা জানায়। এরপর থেকে লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে একাধিক হামলা চালানোর দাবি করে আসছে হুথি।

ইয়েমেনের সংঘাতের পটভূমিতে ২০১৫ সালের মার্চে সৌদি আরব ও তার মিত্ররা দেশটিতে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে অবরোধও আরোপ করা হয়। দীর্ঘস্থায়ী ওই সংঘাতে হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছেন।

তবে হুথির সাম্প্রতিক ভূখণ্ড দখল, সৌদি-সমর্থিত বাহিনীর ক্ষয়ক্ষতি এবং বিমান ভূপাতিত করার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্র: প্রেস টিভি