ডেঙ্গু প্রতিরোধ এবং দেশকে পরিচ্ছন্ন রাখতে দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণের পাশাপাশি পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, দেশের পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাই মিলে দেশ গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে কোনো বাধাই সেই পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা চালানো হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’ প্রত্যেকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ দেখিয়ে দিয়েছে, পরিবর্তন সম্ভব। এবার রাষ্ট্রকে পরিবর্তনের জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে করমর্দনও করেন।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।



