সান্ডারল্যান্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচকে সামনে রেখে রক্ষণভাগ নিয়ে স্বস্তি ফিরেছে আর্সেনাল শিবিরে। বেন হোয়াইটকে ম্যাচে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মিকেল আর্তেতা। একই সঙ্গে চোট থেকে ফেরা জুরিয়েন টিম্বার ও ক্রিসথিয়ান মোসকেরারও দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
দীর্ঘ চোটের পর মাঠে ফিরলেও নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের শেষ দিকে হোয়াইটকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। বুধবারের ওই ম্যাচে আর্সেনাল ১-০ গোলে জয় পাওয়ার পর তাকে তুলে নেন আর্তেতা। তার জায়গায় মাঠে নামেন মিডফিল্ডার মার্তিন জুবিমেন্ডি। শেষদিকে রক্ষণ সামলানোর দায়িত্বও নিতে হয় ডেকলান রাইসকে।
তবে হোয়াইটের অস্বস্তি গুরুতর নয় বলেই মনে করছে আর্সেনাল। ফলে শনিবার রাতে স্টেডিয়াম অব লাইটে সান্ডারল্যান্ডের বিপক্ষে তাকে মাঠে নামানোর প্রস্তুতি রয়েছে দলের।
রক্ষণে আরেকটি বড় স্বস্তির কারণ হতে পারেন টিম্বার। মার্চে এভারটনের বিপক্ষে জয়ের ম্যাচে কুঁচকিতে চোট পাওয়ার পর খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার। মে মাসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বদলি হিসেবে নেমে অবশ্য নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন।
এরপর গ্রীষ্মকালেও চোটে পড়েন টিম্বার। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার কারণে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপেও খেলা হয়নি তার। তবে সম্প্রতি সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরেছেন তিনি। নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের স্কোয়াডে জায়গা পেলেও শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ হয়নি।
সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে টিম্বারের ফিটনেস নিয়ে সতর্ক আর্তেতা। শুক্রবারের অনুশীলন শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। কয়েক দিন ধরে দলের সঙ্গে অনুশীলন করা টিম্বার ভালো অবস্থায় আছেন বলেও জানিয়েছেন আর্সেনাল কোচ।
হোয়াইটের প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার পাশাপাশি টিম্বার ও মোসকেরাও ফিরলে রক্ষণভাগে আর্সেনালের বিকল্প আরও বাড়বে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তাই চোটের ধাক্কা সামলে দল গোছানোর ক্ষেত্রে ইতিবাচক খবরই পাচ্ছেন আর্তেতা।



