২ রানের লক্ষ্য। ১১ ওভারেই বিনা উইকেটে ১০৯ রান তুলে সহজ জয়ের পথেই ছিল বাংলাদেশ। মনে হচ্ছিল, বড় ব্যবধানে জয় সময়ের ব্যাপার মাত্র। কিন্তু হঠাৎ করেই বিপর্যয়—৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে হারের মুখোমুখি টাইগাররা।
তবুও শেষ পর্যন্ত বিপদ কাটিয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। শারজাহতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেট ও ৮ বল হাতে রেখে হারায় জাকের আলীর দল। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।
রান তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন পাওয়ার প্লেতে তুলে নেন ৫০ রান। ১১ ওভারেই জুটি ভাঙার আগে স্কোরবোর্ডে জমা পড়ে ১০৯ রান। ইমন ৩৫ বলে ৫৪ ও তামিম ৩৭ বলে ৫১ রান করেন।
কিন্তু এখান থেকেই ম্যাচে নাটকীয় মোড়। রশিদ খানের ঘূর্ণিতে নড়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মাত্র ৯ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা—১০৯/০ থেকে স্কোর দাঁড়ায় ১১৮/৬!
রশিদের স্পেলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাইফ হাসান ও জাকের আলী। শূন্য রানে বিদায় নেন শামীম পাটোয়ারী ও তানজিম সাকিবও। রিভিউ না থাকায় বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন সাকিব।
সেখান থেকে ম্যাচ বের করে আনেন রিশাদ হোসেন ও নুরুল হাসান সোহান। রিশাদ ৯ বলে ১৪ রান করেন, আর সোহান ১৩ বলে ২৩ রানে অপরাজিত থাকেন, ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কা।
বল হাতে দুর্দান্ত ছিলেন রশিদ খান—৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে ১৬ ওভার শেষে ৬ উইকেটে ১০০ রানে থাকা আফগানিস্তান শেষ ৪ ওভারে তোলে ৫১ রান। ২০ ওভার শেষে ৯ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫১ রান।



