tanaka
প্রচ্ছদজাতীয়সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

সরকার যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

সরকার নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলে আবারও দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রফেসর ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রায় আধা ঘণ্টাব্যাপী এ আলোচনায় বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্কসংক্রান্ত বিষয়, আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া এবং তরুণ রাজনৈতিক কর্মী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়।

ফোনালাপে সার্জিও গোর সাম্প্রতিক শুল্ক আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানান। আলোচনার ফল হিসেবে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচারী শাসনামলে জনগণের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা পুনরুদ্ধারের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা বিপুল অর্থ ব্যয় করে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে এবং তাদের পলাতক নেতারা সহিংসতা উসকে দিচ্ছেন। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।

ড. ইউনূস আরও বলেন, নির্বাচনের আর প্রায় ৫০ দিন বাকি। এই সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনই সরকারের প্রধান লক্ষ্য। তিনি জানান, নির্বাচনকে স্মরণীয় করে তুলতে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।

এ সময় ফোনালাপে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।