tanaka
প্রচ্ছদরাজনীতিশেখ হাসিনা ফিরলে বিচার নিশ্চিত করতে প্রস্তুত: আসিফ মাহমুদ

শেখ হাসিনা ফিরলে বিচার নিশ্চিত করতে প্রস্তুত: আসিফ মাহমুদ

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তার বিচার নিশ্চিত করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে ‘গণহত্যার’ জন্য দায়ীদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপনের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

‘গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, দখলদারিত্ব ও বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের’ দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান—এমন কথা বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে। আওয়ামী লীগের নেতারাও বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা বলছেন। তাদের দেশে ফেরার বিষয়ে আপত্তি নেই; তবে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যরা প্রতিদিন তাদের সন্তানদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের জন্য দোয়া করছেন। শেখ হাসিনা দেশে ফিরলে তার বিচার নিশ্চিত করতে তারা প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য দায়ী যেসব ব্যক্তি এখনো ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। তাদের ফেরত না দিয়ে প্রধানমন্ত্রী যদি ভারত সফর করেন, সেটিকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, অভিযুক্তদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার পরই ভারতের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে আলোচনা হতে পারে।

সমাবেশে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগও তোলেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে নানা ধরনের চাঁদার মুখোমুখি হতে হচ্ছে। এ সময় তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের সমালোচনা করেন।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির মুখপাত্র। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জনগণকে বলা হয়েছে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের পরিস্থিতির উন্নতি হবে। পাশাপাশি বিভিন্ন কার্ডের মাধ্যমে মানুষের জীবনযাত্রার উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।

আসিফ মাহমুদের অভিযোগ, সরকার ক্ষমতায় আসার কয়েক মাস পার হলেও কাঙ্ক্ষিত সংস্কার দৃশ্যমান হয়নি। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।