ক্রিশ্চিয়ানো রোনালদো ডোনাল্ড ট্রাম্পকে বল বাড়াচ্ছেন, ট্রাম্প আবার ফিরতি পাস দিচ্ছেন রোনালদোকে—সামাজিকমাধ্যমে এখন এমনই একটি এআই–নির্মিত ভিডিও নিয়ে তুমুল আলোচনা। ভিডিওটি শেয়ার করেছেন স্বয়ং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে।
ভিডিওতে দেখা যায়, ছাদ থেকে হঠাৎ একটি ফুটবল পড়ে। এরপর ট্রাম্প ও রোনালদো মাথা ও পায়ে জাগলিং করতে থাকেন। শেষদিকে ট্রাম্প ঘুরে গিয়ে জোরে একটি শট মারেন ক্যামেরার দিকে। ওভাল অফিসকে সেখানে ফুটবল মাঠের মতো দেখানো হয়েছে। দুজনের অভিব্যক্তি, দেহের নড়াচড়া এবং বলের টাচ অনেক জায়গায় অস্বাভাবিক হওয়ায় এআই তৈরির ছাপ স্পষ্ট।
১৮ নভেম্বর হোয়াইট হাউসে রোনালদো ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিয়ে ট্রাম্পের ব্যক্তিগত ডিনারের পর থেকেই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলে। রোনালদোর সৌদি ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা এবং সৌদি ক্রাউন প্রিন্সের বৈশ্বিক ক্রীড়াবিনিয়োগ—সব মিলিয়ে বৈঠকটিও ছিল আলোচনার কেন্দ্রে। তবে তার চেয়েও বেশি নজর কাড়ে এই ভাইরাল এআই ভিডিও।
ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যমে নানা রসিকতা ও হাস্যকর প্রতিক্রিয়ায় ভরে যায় অনলাইন প্ল্যাটফর্মগুলো।



