tanaka
প্রচ্ছদখেলারাজার ৮১ রানে জিম্বাবুয়ের সংগ্রহ ২৭১, অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জ

রাজার ৮১ রানে জিম্বাবুয়ের সংগ্রহ ২৭১, অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জ

সিকান্দার রাজার অপরাজিত ৮১ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান তুলেছে স্বাগতিকরা।

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ৬৮ রানের মধ্যেই তিনটি উইকেট হারানোর পর ইনোসেন্ট কায়া ও ক্রেগ আরভিন জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। চতুর্থ উইকেটে তারা ৮৭ বলে যোগ করেন ৮০ রান। ৬৬ বলে সাতটি চারের সাহায্যে ৫৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন কায়া।

এরপর অধিনায়ক সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন আরভিন। পঞ্চম উইকেটে দুজনের ব্যাট থেকে আসে ৭১ বলে ৬১ রান। এই জুটির সুবাদে একপর্যায়ে ৩ উইকেটেই জিম্বাবুয়ের স্কোর ২০৯ রানে পৌঁছে যায়।

তবে এরপরই আবার দ্রুত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। মাত্র ৬২ রানের ব্যবধানে আরও পাঁচ ব্যাটারকে হারায় তারা। ফলে শেষ দিকে ভালো অবস্থানে থেকেও তিনশ রানের কাছাকাছি যেতে পারেনি জিম্বাবুয়ে।

ক্রেগ আরভিন ৭৯ বলে পাঁচটি বাউন্ডারিতে ৫৯ রান করে আউট হন। তবে একপ্রান্ত আগলে রেখে ইনিংসের শেষ বল পর্যন্ত ব্যাট করেন সিকান্দার রাজা। ৭২ বলের ইনিংসে সাতটি চার ও একটি ছক্কায় ৮১ রানে অপরাজিত থাকেন জিম্বাবুয়ের অধিনায়ক।

সিরিজের প্রথম ওয়ানডেতে ২৯৪ রান করে ৫৯ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে আরও বড় সংগ্রহ গড়ে ৩৫৬ রান করে ৮৪ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। ফলে তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে জিম্বাবুয়ে।