স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: বয়স মাত্র ১৬ বছর। এই বয়সে বই-খাতা হাতে সহপাঠীদের সঙ্গে হাসি-আনন্দে মেতে ওঠার কথা। অথচ সাব্বির হোসেন এখন হাসপাতালের বিছানায় শুয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত প্রয়োজনীয় কেমোথেরাপি শুরু করা গেলে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। কিন্তু অর্থাভাবে থমকে আছে চিকিৎসা। ছেলেকে বাঁচাতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তার মা।
সাব্বির ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের বকশিপুর গ্রামের হতদরিদ্র আলমসাধু চালক সাজ্জাদ হোসেনের ছেলে। সে হরিণাকুন্ডু লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের ৯০১ নম্বর ওয়ার্ডের ১৯ নম্বর বেডে বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল হাসানের অধীনে চিকিৎসাধীন রয়েছে।
সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষার পর সাব্বিরের শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) বা ব্লাড ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকদের মতে, বয়স কম হওয়ায় নিয়মিত ও প্রয়োজনীয় কেমোথেরাপি দেওয়া সম্ভব হলে সাব্বিরের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে।
তবে চিকিৎসার সম্ভাবনার পাশাপাশি পরিবারের সামনে দেখা দিয়েছে বড় আর্থিক সংকট। দিন এনে দিন খাওয়া সাব্বিরের বাবার পক্ষে ক্যানসারের মতো জটিল রোগের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয়। ধারদেনা করে প্রাথমিক চিকিৎসার কিছু খরচ জোগাড় করা হলেও কেমোথেরাপি ও পরবর্তী চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য এখন পরিবারের নেই।
ছেলের অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছেন মা মিতা খাতুন। সন্তানের জীবন বাঁচাতে প্রয়োজনীয় অর্থের জন্য তিনি এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। অন্যদিকে সাব্বিরের দুই বোন খাদিজা ও হাজেরা এবং বড় ভাই মিথুনও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাদের একমাত্র প্রত্যাশা—ভাই সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসবে।
সাব্বিরের পরিবার জানিয়েছে, দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সম্ভাবনাময় তরুণের জীবন বাঁচাতে সমাজের দানশীল, হৃদয়বান ও বিত্তবান ব্যক্তি এবং প্রবাসীদের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তার মা।
একটি পরিবারের সামর্থ্যের বাইরে থাকা এই চিকিৎসা ব্যয়ে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ১৬ বছরের সাব্বিরের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হতে পারে।
সাহায্য ও যোগাযোগ
রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং সরাসরি আর্থিক সহায়তা পাঠাতে যোগাযোগ করুন—
মোবাইল/বিকাশ: ০১৭১১-২০৪৮০৪ (রোগীর পরিবার)
আসিফ কাজল, ঝিনাইদহ: ০১৭১১১৯৩৫৯৪
তারিখ: ২৯ আগস্ট ২০২৬



