tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমোহন ভাগবতের নিউইয়র্ক সফর ঘিরে বিক্ষোভ, প্রতিবাদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ

মোহন ভাগবতের নিউইয়র্ক সফর ঘিরে বিক্ষোভ, প্রতিবাদে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। মানবাধিকারকর্মীসহ মুসলিম, শিখ, খ্রিস্টান ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা তার সফরের বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ আয়োজিত ‘ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন’ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভাগবত। আরএসএসের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে সফর করছেন তিনি।

ভাগবতের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বিক্ষোভে জড়ো হন বিভিন্ন মানবাধিকার ও নাগরিক সংগঠনের কর্মীরা। বিক্ষোভকারীরা আরএসএসের বিরুদ্ধে হিন্দুত্ববাদী সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর বৈষম্য উসকে দেওয়ার অভিযোগ তোলেন।

তার যুক্তরাষ্ট্র সফর শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সফর বাতিলের দাবি ওঠে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নাগরিক সমাজেও প্রতিক্রিয়া দেখা যায়।

মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশনও ভাগবতের সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটির পক্ষ থেকে মার্কিন প্রশাসনের কাছে তার ভিসা বাতিলের পাশাপাশি ভারতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে আরএসএস নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়।

কমিশনের বক্তব্য অনুযায়ী, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করা এবং সহনশীলতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় আরএসএসের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসসহ বিভিন্ন নাগরিক ও মানবাধিকার সংগঠনও ভাগবতের সফরের বিরোধিতা করেছে।

নিউইয়র্কের স্থানীয় রাজনীতিতেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখা গেছে। নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক কম্পট্রোলার প্রার্থী ব্র্যাড ল্যান্ডার সফরটির সমালোচনা করে বলেন, যেসব সংগঠনের বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বকে শহরে এমন একটি মঞ্চ দেওয়া উচিত নয়, যেখানে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

এদিকে সিটি হল ও অনুষ্ঠানস্থলের আশপাশে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা আরএসএসের আদর্শের সমালোচনা করেন। তাদের অভিযোগ, সংগঠনটির মতাদর্শ ভারতের বহুত্ববাদী কাঠামোর জন্য হুমকি এবং দেশটিকে ধর্মভিত্তিক একক পরিচয়ের দিকে ঠেলে দিচ্ছে।

তবে ভাগবতের সফর আরএসএসের শতবর্ষ উদযাপনের কর্মসূচির অংশ হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের পর কানাডা ও যুক্তরাজ্যেও তার সফরের কর্মসূচি রয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড