লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোখায় হুথি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী। মাত্র দুই দিনের অভিযানে হুথিরা মোখা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এটি পুনর্দখলে সরকারি বাহিনীর পাল্টা অভিযান হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) হুথিদের ওপর বিমান হামলার তথ্য নিশ্চিত করেছে ইয়েমেন সরকার।
দেশটির সরকারি বার্তাসংস্থা সাবা জানিয়েছে, এক বিবৃতিতে ইয়েমেন সরকার বলেছে, ইরান-সমর্থিত হুথিদের সামরিক যান ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে হুথিদের বেশ কয়েকজন যোদ্ধা নিহত এবং সামরিক যান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইয়েমেনি সরকারি বাহিনীর মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলিও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোখা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে মোখা-ধুবাব সড়কে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
মোখা পুনর্দখলে সরকারি বাহিনীর অভিযান
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে হুথিরা গত সপ্তাহে মোখা বন্দর দখলের অভিযান শুরু করে। দ্রুতগতির ওই অভিযানে মাত্র দুই দিনের মধ্যে শহরটির নিয়ন্ত্রণ নেয় তারা।
এ সংঘাতকে কেন্দ্র করে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও কয়েকশ মানুষ। পাশাপাশি প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
হুথিদের কাছে মোখার নিয়ন্ত্রণ হারানোর পর শহরটি পুনর্দখলে অভিযান শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। এ অভিযানে সৌদি আরব তাদের সামরিক ও অন্যান্য সহযোগিতা দিয়ে যাচ্ছে।



