আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষবার মাঠে নামার ম্যাচ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আগ্রহ। আসন্ন বিশেষ ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে এই ম্যাচগুলোর মধ্যে শেষটিতেই জাতীয় দলের হয়ে শেষবার দেখা যাবে মেসিকে। এরই মধ্যে ম্যাচটির টিকিটের মূল্য প্রকাশ করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর এই সিরিজ দিয়েই আবার মাঠে ফিরবে আর্জেন্টিনা। তিন ম্যাচের প্রথমটি হবে কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে। সেখানে বলিভিয়ার বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে নুনিয়েসের মনুমেন্তাল স্টেডিয়ামে।
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও ২৮ সদস্যের আর্জেন্টিনা দলে রাখা হয়েছে মেসিকে। তবে তিন ম্যাচের সবকটিতে তাকে দেখা যাবে না। বেনিনের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতেই মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। রিভার প্লেটের ঘরের মাঠ মনুমেন্তালেই জাতীয় দলের জার্সিতে তার শেষ উপস্থিতি হতে যাচ্ছে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপাজয়ী দলের সতীর্থরাও ওই ম্যাচে মেসির সঙ্গে থাকবেন। ২০২২ সালের বিশ্বকাপ জয়ই রোজারিও থেকে উঠে আসা এই তারকার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অর্জন।
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ডিপোর্টিক ডটকমে। আগামী ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকবে। আসনভেদে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ ৮০ হাজার আর্জেন্টাইন পেসো।
সাধারণ গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৯০ হাজার পেসো। তিন থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য নির্ধারিত টিকিটের মূল্য ২৯ হাজার পেসো।
সিভোরি ও সেন্তেনারিওর ওপরের গ্যালারিতে বসতে খরচ হবে ১ লাখ ৮০ হাজার পেসো। একই দুই গ্যালারির মাঝের অংশের টিকিটের দাম ৩ লাখ ২০ হাজার পেসো।
এ ছাড়া সান মার্তিন ও বেলগ্রানোর ওপরের গ্যালারির টিকিটও ৩ লাখ ২০ হাজার পেসো। নিচের গ্যালারির জন্য নির্ধারিত মূল্য ৪ লাখ ৫০ হাজার পেসো।
সবচেয়ে বেশি দামের টিকিট রাখা হয়েছে সান মার্তিন ও বেলগ্রানোর মধ্যবর্তী গ্যালারির জন্য। সেখানে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ সরাসরি দেখতে দর্শকদের খরচ করতে হবে ৪ লাখ ৮০ হাজার পেসো।



