২০২৬-২৭ মৌসুমের শুরুতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। লা লিগার প্রথম চার ম্যাচে ছয় গোল করে চলতি শতাব্দীতে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। তার আগে এই রেকর্ড ছিল কেবল বার্সেলোনার কিংবদন্তি লিওনেল মেসির দখলে।
রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ৫-০ গোলের বড় জয়ে একটি গোল করেন রাফিনহা। এর ফলে মৌসুমের প্রথম চার লিগ ম্যাচেই তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। একবিংশ শতাব্দীতে কোনো দলের প্রথম চার লা লিগা ম্যাচে ছয় গোল করার কীর্তি এর আগে কেবল মেসির ছিল। বার্সেলোনার আর্জেন্টাইন কিংবদন্তি ২০১২-১৩ এবং ২০১৩-১৪ দুই মৌসুমেই প্রথম চার ম্যাচে ছয়টি করে গোল করেছিলেন।
এবার রাফিনহাও সেই বিশেষ তালিকায় জায়গা করে নিলেন। তবে মেসির মতো একই ক্লাবের হয়ে দুইবার নয়, আপাতত একবারই এই কীর্তি গড়েছেন ব্রাজিলিয়ান তারকা।
ছয় গোল নিয়ে বর্তমানে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন রাফিনহা। রায়ো ভায়েকানোর সার্জিও কামেয়ো পাঁচ গোল করে তার পেছনে আছেন। রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপেও এখন পর্যন্ত রাফিনহার চেয়ে পিছিয়ে রয়েছেন।
রাফিনহার দুর্দান্ত শুরুর আরেকটি বিশেষ দিক হলো, তিনি এবার নিজের পরিচিত উইং পজিশনে খেলছেন না। ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ডান উইংয়ে খেলেছেন, পরে বাঁ প্রান্তেও দেখা গেছে তাকে।



